অভিনেত্রী নাজনীন নীহার বাগদান নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সোমবার (২৯ জুন) ফেসবুকে সম্পর্কের অবস্থা পরিবর্তন করেন নাজনীন নীহা। এরপরই অনেকেই ধারণা করছেন, অভিনেত্রীর বাগদান সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।
বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নাজনীন নীহার সাড়া মেলেনি। মুঠোফোনে কল, হোয়াটসঅ্যাপ ও খুদে বার্তা—কোনোটিরই জবাব দেননি তিনি।
এদিকে তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার আবদার করেছেন। তবে এসব মন্তব্যেরও কোনো উত্তর দেননি অভিনেত্রী।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। তখন সেটিকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়ালেও পরে তিনি জানান, সেটি একটি নাটকের প্রচারণার অংশ ছিল।
তাই এবার ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস দিলেও, নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদান সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।