বিশ্বকাপের নকআউট পর্বে আজ (সোমবার) জাপানের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি শেষ ম্যাচের একাদশে বড় কোনো পরিবর্তন আনার ইঙ্গিত দেননি।
তবে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর, চোট কাটিয়ে ওঠা নেইমার জুনিয়র এবার আগের ম্যাচের তুলনায় বেশি সময় মাঠে থাকতে পারেন। আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি এখন আরও বেশি সময় খেলার মতো অবস্থায় রয়েছেন।
জাপানকে কঠিন ও শৃঙ্খলাবদ্ধ প্রতিপক্ষ উল্লেখ করে আনচেলত্তি বলেন, শেষ অনুশীলনের পরই একাদশ চূড়ান্ত করা হবে। তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলটিই প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিশেষ করে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে বর্তমান সমন্বয়ে সন্তুষ্ট ব্রাজিল কোচ। চোটে পড়া রাফিনিয়ার পরিবর্তে সুযোগ পাওয়া রায়ানও পারফরম্যান্স দিয়ে একাদশে নিজের জায়গা শক্ত করেছেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
পরিসংখ্যানেও এগিয়ে ব্রাজিল। দুই দলের ১৪ দেখায় সেলেসাওদের জয় ১১টিতে, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একবার। তবে ২০২৫ সালের অক্টোবরে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের স্মৃতি নিশ্চয়ই ভুলে যায়নি ব্রাজিল। সেই ম্যাচেই প্রথমবারের মতো ব্রাজিলের জালে তিন গোল করেছিল ব্লু সামুরাইরা।