চট্টগ্রাম বন্দর চ্যানেলের কর্ণফুলী নদীর বঙ্গোপসাগর মোহনায় দুটি লাইটার জাহাজের সংঘর্ষে ‘এমভি বে হারবার-২’ নামে পাথরবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। তবে কোস্ট গার্ড ও স্থানীয়দের যৌথ উদ্ধার অভিযানে জাহাজটির ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) রাত ৩টার দিকে বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর ও কোস্ট গার্ড সূত্র জানায়, ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি লাইটার জাহাজের সঙ্গে ‘এমভি বে হারবার-২’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহাজটির খোল ফেটে দ্রুত পানি ঢুকতে শুরু করলে অল্প সময়ের মধ্যেই পাথরবোঝাই জাহাজটি নদীগর্ভে তলিয়ে যায়।
দুর্ঘটনার পর জাহাজে থাকা ১২ জন নাবিক উত্তাল সাগরে পড়ে যান। খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্ধারকারী দল মেটাল শার্ক ও বিশেষ উদ্ধারকারী বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
অভিযানে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে ৮ জন নাবিককে জীবিত উদ্ধার করে। পরে তীব্র স্রোতে ভেসে যাওয়া আরও চারজনকে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় স্থানীয় জেলে ও এলাকাবাসী উদ্ধার করেন।
কোস্ট গার্ড পূর্ব জোনের এক কর্মকর্তা জানান, রাতের অন্ধকার ও সমুদ্রের তীব্র স্রোতের মধ্যেও ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের সহযোগিতায় শেষ পর্যন্ত ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া নাবিকদের প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।