বিশ্বকাপের মঞ্চে পেনাল্টি শুটআউটে জার্মানির অজেয় ইতিহাস ভেঙে নতুন অধ্যায়ের জন্ম দিল প্যারাগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের নায়ক গোলরক্ষক ওর্লান্দো হিল, যিনি দুটি গুরুত্বপূর্ণ পেনাল্টি ঠেকিয়ে দলকে এনে দেন স্মরণীয় জয়।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে ছিল জার্মানি। প্রথমার্ধে ৭৯ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখেও গোল করতে ব্যর্থ হয় ইউরোপের শক্তিশালী দলটি। বরং ৪২তম মিনিটে মাতিয়াস গালারজার ক্রস থেকে হুলিও এন্সিসোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিশ্বকাপের নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচ গোলশূন্য থাকার পর গুরুত্বপূর্ণ এই ম্যাচেই গোলের খরা কাটায় তারা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জার্মানি। ৫৪তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের নিখুঁত ক্রস থেকে কাই হাভার্টজ হেডে সমতা ফেরান। এরপর একাধিক আক্রমণ চালালেও প্যারাগুয়ের দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি জার্মানরা।
অতিরিক্ত সময়ের ১০২তম মিনিটে জোনাথন টাহ জালে বল পাঠালেও ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণের দায়িত্ব যায় টাইব্রেকারে।
সেখানে অসাধারণ নৈপুণ্য দেখান প্যারাগুয়ের গোলরক্ষক ওর্লান্দো হিল। প্রথমেই কাই হাভার্টজের শট রুখে দিয়ে জার্মানিকে চাপে ফেলে দেন তিনি। পরে আরও একটি পেনাল্টি ঠেকিয়ে জয়ের ভিত্তি গড়ে দেন। শেষ পর্যন্ত হোসে কানালের সফল শটে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে উচ্ছ্বাসে মাতে প্যারাগুয়ে।
এই জয়ের মাধ্যমে শুধু শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেনি প্যারাগুয়ে, বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি শুটআউটে জার্মানির শতভাগ জয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে। এর আগে বিশ্বকাপে চারটি টাইব্রেকারের প্রতিটিতেই জয় পেয়েছিল জার্মানি। পঞ্চমবারের চেষ্টাতেই সেই অজেয় রেকর্ডের অবসান ঘটিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়ে নিল প্যারাগুয়ে।