বরেণ্য চিত্রশিল্পী, পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ এবং ‘পাপেটম্যান’ খ্যাত একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায় জানাতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল বিটিভিতে আনা হলে সহকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টার দিকে মরদেহবাহী গাড়ি বিটিভি প্রাঙ্গণে পৌঁছায়। পরে সকাল ১০টায় সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সরকারের মন্ত্রী, বিটিভির কর্মকর্তা, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রথম জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
বিটিভিতে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টার দিকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়।
কর্মসূচি অনুযায়ী, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। চিত্রকলা, পাপেট, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং বাংলা সংস্কৃতির বিকাশে তার অসামান্য অবদান দেশের সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।