জাতীয় সংসদে আজ (৩০ জুন) পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাসের পর আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হবে। নতুন বাজেটে কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), বিনিয়োগ, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
এর আগে সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে কয়েকটি সংশোধনীসহ অর্থবিল পাস হয়। সংশোধিত অর্থবিলে ব্যক্তির করমুক্ত আয়সীমা বৃদ্ধি করে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে।
এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। অর্থবিল পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে।
গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জনবান্ধব সংশোধনী প্রস্তাব করেন, যার কয়েকটি অর্থবিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ জাতীয় বাজেট পাস হওয়ার মাধ্যমে নতুন অর্থবছরের রাজস্ব আহরণ, সরকারি ব্যয়, উন্নয়ন কর্মকাণ্ড এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ আর্থিক কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথ সুগম হবে। আগামী ১ জুলাই থেকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন শুরু হবে।