কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২২৬) মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন—গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
জানা গেছে, মরদেহবাহী বিমানটি সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছানোর পর বিমানবন্দরে নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয় কাতারে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহ দেশে পাঠানোর সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
এদিকে, নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।