সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামী দূর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। (০১ জুলাই ) বুধবার দুপুরে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার এ তথ্য জানান। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতার করায় সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়নসহ আশে পাশের ইউনিয়নের লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসে।
পুলিশ জানায় গত মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে ডাকাত সর্দার সোহানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও দস্যুতাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলাতেই সে সরাসরি এজাহারভুক্ত আসামি। ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোতে পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি), ৩৯৫/৩৯৭ (ডাকাতি ও দস্যুতা) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনেও মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সোহান উপজেলা মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, গ্রেফতারকৃত সোহানকে আদালতে পাঠানো হয়েছে। সে একজন কুখ্যাত ডাকাত সর্দার। সে তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে আমরা আশা করছি। সেই সাথে মাদক, সন্ত্রাস এবং যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।