দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের লক্ষ্যে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। এছাড়া চট্টগ্রামের ‘হালদা’ নতুন থানা হিসেবে অনুমোদন লাভ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি, ভৌগোলিক বাস্তবতা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের মতে, নতুন উপজেলা ও থানা প্রতিষ্ঠার ফলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সরকারি সেবা দ্রুত ও সহজভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রশাসনিক পুনর্বিন্যাসের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।