ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘কালো জাদু’ করার দাবি করে চলতি বিশ্বকাপে আলোচনায় আসা ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কোয়াকু বোনসাম এবার নতুন এক ভবিষ্যদ্বাণী দিয়েছেন। তার দাবি, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বোনসামের ভাষ্য অনুযায়ী, ফুটবল মাঠে লড়াই শুরুর আগেই ‘আধ্যাত্মিক জগতে’ বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। তার দাবি, পর্তুগাল ইতোমধ্যেই সেই জগতে বিশ্বকাপ জিতে নিয়েছে। তাই রোনালদোর চিন্তার কোনো কারণ নেই, কারণ এবারের ট্রফি তার হাতেই উঠবে।
এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে নিছক কুসংস্কার বা প্রচারের কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে বিশ্বকাপ ঘিরে নতুন বিতর্ক হিসেবেও বিবেচনা করছেন।
এর আগে গ্রুপপর্বে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে বোনসাম দাবি করেছিলেন, হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে তিনি ‘কালো জাদু’ প্রয়োগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কেইনকে থামানোর উপায় তার জানা আছে।
কাকতালীয়ভাবে সেই ম্যাচে ইংল্যান্ড ০-০ গোলে ড্র করে এবং কেইন গোল করতে পারেননি। এরপর বোনসামের দাবি নতুন করে আলোচনায় আসে। তবে ম্যাচ শেষে তিনি জানান, কেইনের ওপর দেওয়া কথিত ‘অভিশাপ’ তিনি তুলে নিয়েছেন। এমনকি কেইনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে জন্ম নেওয়া নিজের সন্তানের নামও হ্যারি কেইনের নামানুসারে রাখবেন।
নানা কোয়াকু বোনসাম ঘানার রাজধানী আক্রায় কয়েকটি উপাসনালয় পরিচালনা করেন। নিজেকে আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত ও ভেষজ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে থাকেন তিনি। আধ্যাত্মিক পরামর্শ ও বিভিন্ন দাবি-দাওয়ার কারণে দেশটিতে তিনি দীর্ঘদিন ধরেই বিতর্কিত ব্যক্তিত্ব।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও বোনসাম আলোচনায় এসেছিলেন। তখন তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর চোটের পেছনে তার আধ্যাত্মিক প্রভাব ছিল। তবে ১২ বছর পর সেই একই রোনালদোকেই এবার বিশ্বকাপজয়ী হিসেবে দেখছেন তিনি।
তবে বোনসামের এসব দাবি বা ভবিষ্যদ্বাণীর পক্ষে কোনো বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য প্রমাণ নেই। এগুলো তার ব্যক্তিগত বিশ্বাস ও বক্তব্য হিসেবেই বিবেচিত।