বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই উপহার দিয়ে কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে কেপ ভার্দে। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও দলটির সাহসী পারফরম্যান্স এখন সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে তাদের লড়াকু মানসিকতা ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে।
ম্যাচ শেষ হওয়ার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কেপ ভার্দেকে নিয়ে প্রশংসার ঢল নামে। অনেকেই দলটির নির্ভীক ফুটবল, গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতার ভূয়সী প্রশংসা করেন।
নেটিজেন নকিব মুকশি লিখেছেন, “কী ফাইটটাই না দিল কেপ ভার্দে! আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে এমন লড়াই আজীবন মনে থাকবে।”
খাইরুল বাশার মন্তব্য করেন, “আমি আর্জেন্টিনার সমর্থক হলেও কেপ ভার্দের জন্য মন থেকে শুভকামনা। তাদের এই পারফরম্যান্স সত্যিই প্রশংসার দাবিদার।”
হাস্যরসের ছলে তাহমিনা শিল্পী লিখেছেন, “আর্জেন্টিনা জিতেছে ঠিকই, কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার খেলায় আমি মুগ্ধ।”
টিএম ইমরান তারেক লিখেছেন, “কেপ ভার্দে কাঁদিয়ে দিয়েছে। অভিনন্দন মেসিবাহিনী, তবে কেপ ভার্দেও সম্মান নিয়ে বিদায় নিয়েছে।”
অন্যদিকে জাহিদ হাসান লিখেছেন, “শ্বাসরুদ্ধকর ম্যাচ! ভোজিনিয়ার পারফরম্যান্স ছিল অসাধারণ।” শাম্মি তুলতুলের ভাষায়, “আজ আর্জেন্টিনাকে সত্যিই কঠিন পরীক্ষায় ফেলেছিল কেপ ভার্দে।”
ফুটবল বিশ্লেষকদের মতে, ফলাফল যাই হোক না কেন, বড় দলের বিপক্ষে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলে কেপ ভার্দে বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। দলটির এই পারফরম্যান্স ভবিষ্যতের জন্যও ইতিবাচক বার্তা বহন করছে।
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কেপ ভার্দের লড়াকু মানসিকতা এবং দারুণ পারফরম্যান্স ইতোমধ্যেই কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।