গণভোট, সীমান্ত সুরক্ষা এবং কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে দলের শীর্ষ নেতাদের নেতৃত্বে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে একযোগে এই কর্মসূচি শুরু হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, যারা এক হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে এবং বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার এখনো সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, জুলাই কেবল একটি মাস নয়; এটি বাংলাদেশের জনগণের সংগ্রাম, গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই চেতনাকে মানুষের কাছে পৌঁছে দিতেই মাসব্যাপী এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
দেশের কৃষি ও বাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, কৃষকরা প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সময়মতো পাচ্ছেন না। পাশাপাশি কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে কিছু রাজনৈতিক নেতার মুনাফা করার অভিযোগও তোলেন তিনি।
তিনি জানান, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার সহযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় অংশ নেবেন। একই সঙ্গে তিনি আহ্বান জানান, অতীতে কোনো অপরাধের সঙ্গে জড়িত নন—এমন মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন।
এনসিপি জানিয়েছে, দেশের প্রতিটি জেলায় মাসব্যাপী এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচির মাধ্যমে গণভোট, সীমান্ত নিরাপত্তা এবং কর্মসংস্থানসহ বিভিন্ন দাবির বিষয়ে জনগণের কাছে দলের অবস্থান তুলে ধরা হবে।