বিশ্বকাপের নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। তাই কেপ ভার্দের বিপক্ষে শেষ-৩২-এর ম্যাচকে সামনে রেখে কৌশলগত প্রস্তুতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নির্ধারিত সূচির এক দিন আগেই মায়ামিতে পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। লক্ষ্য, নতুন পরিবেশ ও মাঠের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে নকআউট লড়াইয়ের আগে শতভাগ প্রস্তুত হওয়া।
ক্যানসাস সিটিতে শেষ অনুশীলনটি ছিল পুরোপুরি রুদ্ধদ্বার। গণমাধ্যমকে বাইরে রেখেই অনুশীলন পরিচালনা করেন স্কালোনি। এমনকি সম্ভাব্য একাদশ নিয়েও কোনো ইঙ্গিত দেননি তিনি। মূল একাদশ ও বিকল্প খেলোয়াড়দের মিলিয়ে বিশেষ অনুশীলনে ১৩ জনকে ব্যবহার করে পরিকল্পনা গোপন রাখেন আর্জেন্টাইন কোচ।
বর্তমানে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় আলোচনা তিনটি পজিশন ঘিরে।
লেফট-ব্যাকে ইনজুরি কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকো নাকি গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স করা ফাকুন্দো মেদিনা—কে শুরু করবেন, তা এখনো নিশ্চিত নয়।
রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হলে ক্রিস্টিয়ান “কুটি” রোমেরো একাদশে ফিরবেন। অন্যথায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির ওপরই আস্থা রাখবেন স্কালোনি।
সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য আক্রমণভাগে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে শুরু করবেন লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—এ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত ঝুলে থাকতে পারে। সাম্প্রতিক পারফরম্যান্সে লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও আলভারেজও কোচের নির্ভরযোগ্য বিকল্প।
মায়ামির হার্ড রক স্টেডিয়াম আর্জেন্টিনার জন্য সুখস্মৃতির ভেন্যু। ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে এই মাঠেই কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। সেই স্মৃতিই এবার বিশ্বকাপের নকআউট লড়াইয়ে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।
ম্যাচ ভেন্যুতেই শেষ অনুশীলনের পর স্কালোনি চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে জয় দিয়ে নকআউট যাত্রা শুরু করতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।












