নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও কনস্টেবল মাইনুল। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছেন পুলিশের সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের এলাকায় সংঘটিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনার তদন্ত এবং মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছিল সোনারগাঁ থানার একটি দল। অভিযানের সময় মামলার অভিযুক্ত সাগর ও তার ভাই সজল পুলিশের ওপর ধারালো দা নিয়ে অতর্কিত হামলা চালান।
হামলায় এসআই সুরুজ্জামান, দুই কনস্টেবল এবং সঙ্গে থাকা সোর্স মাসুম মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলার মূল অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় ছিনতাইচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।