২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বুধবার (১ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আহত শিক্ষার্থীদের সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সব ফি মওকুফ করা হবে। এই সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা পর্যালোচনা করে ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পাওয়া গেছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন।
এই শিক্ষার্থীদের জন্য সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ব্যতীত পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য সব ফি মওকুফ করতে অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে একটি সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।