গত রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবির সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক হৃদয় ও চিত্রনায়ক শাকিব খান। নতুন ছবির নাম ‘রাজকুমার’।
বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযোজক শাহরিন সুলতানা সুমি ও পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন শাকিব খান। ক্যাপশনে তিনি লেখেন, “‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।”
এই ঘোষণার পর ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই প্রকল্প নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হবে। এরপর শুরু হবে শুটিং। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ঈদে ছবিটি মুক্তির লক্ষ্য রয়েছে।
তবে নতুন ছবিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ‘বরবাদ’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন ইধিকা পাল। তাদের জুটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
প্রসঙ্গত, ‘বরবাদ’-এর পর পরিচালক মেহেদী হাসান হৃদয় ‘রাক্ষস’ নামে একটি ছবি নির্মাণ করেছেন, যেখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এছাড়া ‘বিদায়’ নামে আরেকটি ছবির শুটিংও শেষ করেছেন তিনি। এতে রয়েছেন বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি।