রাজধানীর চকবাজারের চক মোগলটুলী এলাকায় অবস্থিত হাজী আবুল বাশার সুপার মার্কেটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আটতলা ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়, আগুন লাগার খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট পাঠানো হয়। মোট ছয়টি ইউনিট সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়।
দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।