জিম্বাবুয়ের রাজধানী হারারের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারোন্দেরা জেলায় ছয় আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জিম্বাবুয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে চারজন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন।
জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হেলিকপ্টারে থাকা ছয়জনের মধ্যে চারজন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন বলে জানিয়েছেন তিনি।
নিক মাংগোয়ানা বলেন, দুর্ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হেলিকপ্টারে থাকা কেউই বেঁচে নেই।
তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মারোন্দেরা এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা শেষে দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
জিম্বাবুয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজও জানিয়েছে, ছয় আরোহী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর কোনো আরোহীর বেঁচে থাকার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিয়ে তদন্তের পর আরও তথ্য প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আরব নিউজ












