নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মির্জা আব্বাস মালয়েশিয়া গেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস। স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দ্রুত দেশে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শেই তিনি দেশে ফিরেছিলেন বলে সে সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
দেশে ফেরার পর গত ৩ সেপ্টেম্বর তিনি সংসদে যোগ দেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন সাংগঠনিক ও সরকারি দায়িত্বে কার্যক্রমে অংশ নেন। ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে হাসপাতালটিও পরিদর্শন করেন তিনি।
এদিকে মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।












