বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ রোববার (৬ সেপ্টেম্বর) শপথ নেবেন। বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার চিঠিতে এ শপথ অনুষ্ঠানের সময় ও স্থান জানানো হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৩ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাকে এ পদে নিয়োগ দেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি পিএসসির চেয়ারম্যান পদে বহাল থাকবেন।
অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করছেন। পেশাগত জীবনে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব ল-এর ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক আইন ও মিডিয়া আইন নিয়ে তাঁর একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা রয়েছে।
এর আগে গত ১৮ আগস্ট অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এর ফলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এরপর নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পিএসসি চেয়ারম্যান হিসেবে অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়ার দায়িত্ব পালনের প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply