তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ও রাজধানীর কাকরাইল মারকাজে প্রায় পাঁচ দশক ধরে অবস্থানকারী ডা. সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে তাবলিগ জামাতের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সাইফুদ্দিন প্রায় ৫০ বছর ধরে কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দ্বীনি কার্যক্রমে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা তাবলিগ জামাতের সাথিদের কাছে তাঁকে পরিচিত করে তুলেছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর জানাজা সোমবার (২৬ অক্টোবর) বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর ইন্তেকালে তাবলিগ জামাতের সাথি ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।