সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিল শেষে এক সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবের আয়োজিত মিছিলে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন।
মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, যুবদল নেতা রাকিবুল হাসান, কাউছার আহমেদ, সোহেল রানা, হযরত আলী রানা, আল-আমিন, ওমর ফারুক টিটু, জহিরুল ইসলাম জনি প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মশাল হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় যুবদলের নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, শান্তি, জননিরাপত্তা ও মানুষের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। অন্যায়, অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তারা।












