চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে মাদক প্রতিরোধে সচেতনতা বাড়াতে স্টেকহোল্ডারদের মাঝে ৭৭০টি সচেতনতামূলক চিঠি বিতরণ করা হয়েছে। মাদকবিরোধী কমিটির উদ্যোগে মানবাধিকার ও সমাজকর্মী মোহাম্মদ আল আমিন রাসেলের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চিওড়া কাজীর বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মজুমদার খবির। এ সময় উপস্থিত ছিলেন গাজী সাইদুল হক রিপন, সাবেক ছাত্রনেতা ও দুবাই প্রবাসী জহিরুল কাইয়ুম ভূঁইয়া শাহীন, ব্যবসায়ী আবদুস সাত্তার, সাংবাদিক মো. এমদাদ উল্যাহসহ কিশোর ও যুব সমাজের নেতৃবৃন্দ।
মানবাধিকার ও সমাজকর্মী মোহাম্মদ আল আমিন রাসেল বলেন, “সমাজের প্রায় সব স্তরেই মাদকের বিস্তার ঘটেছে। এ ভয়াবহতা থেকে পরিত্রাণ পেতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক নেতৃত্বকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।
তিনি জানান, চিওড়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন বাজারের ব্যবসায়ী, সাতটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি দাখিল মাদরাসা, একটি আলিম মাদরাসা, একটি ফাজিল মাদরাসা, একটি সরকারি ডিগ্রি কলেজ, ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমণ্ডলী এবং বিভিন্ন গ্রামের মসজিদের ইমাম-খতিব ও এনজিও কর্মকর্তাদের কাছে মাদকবিরোধী সচেতনতামূলক চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “চিঠিগুলো পড়ে প্রত্যেকে যেন নিজের সন্তান, পরিবার ও প্রতিবেশীদের মাদক থেকে দূরে রাখতে সচেতন করতে পারেন—এটাই আমাদের মূল উদ্দেশ্য।
উদ্বোধনের পর কিশোর ও যুব সমাজের নেতৃবৃন্দ চিওড়া কাজীর বাজার ও ধোড়করা বাজারের ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক চিঠি বিতরণ করেন।
আয়োজকরা জানান, বৃহস্পতিবার ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শুক্রবার ইউনিয়নের প্রত্যেক গ্রামের মসজিদের ইমাম ও খতিবদের মাঝে এসব চিঠি বিতরণ করা হবে।
মাদক প্রতিরোধে এ ধরনের ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক নেতৃত্বকে সম্পৃক্ত করে সম্মিলিত সচেতনতা তৈরির এ উদ্যোগ মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।












