মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ বলছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।












