মিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে আদালতকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। অপ্রতীম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে পারবো। বিচার করবে আদালত, আমরা সব সহযোগিতা করবো।”
অপ্রতীম হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঘটনার পর নিহতের মায়ের যে মোবাইল ফোনটি নিখোঁজ হয়েছিল, সেটি সন্দেহভাজন তুহিনের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এর আগে বাসসের প্রতিবেদনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তুহিন, আনাস ও ফাহিম আহমেদ নামে তিনজনকে আটকের তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর ফরেনসিক বিশ্লেষণ ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার করা হয় এবং এরপর সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম শুরু হয়।
অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে কুমিল্লার গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে অপ্রতীম হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হত্যাকাণ্ডের তদন্তে ফরেনসিকসহ প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত মামলাটিকে গুরুত্ব দিয়ে দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করবে।












