শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর থেকে সামরিক বিমানে রওনা হয়ে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ৫৫ মিনিটে তাঁর বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী এবং বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দুর্গোৎসব উপলক্ষে এই সফরের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরার কর্মসূচি রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে সড়কপথে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত দুটি পথসভায় অংশ নেন তিনি।
রংপুর সফরকালে প্রধানমন্ত্রী রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানকার কর্মসূচি শেষে তিনি রাজশাহীর উদ্দেশে যাত্রা করেন।
রাজশাহীতে জনসভা ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস