শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এবারের শিশু অধিকার দিবসের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সৃজনশীলতা ও সুস্থ বিকাশ নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে।
আয়োজনের অংশ হিসেবে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি শিশুদের মধ্যে স্মারক উপহার প্রদান এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচিও রয়েছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের অভিজ্ঞতা ও তাদের নানা বিষয় সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। শিশুদের সৃজনশীল কর্মকাণ্ড ও প্রতিভা বিকাশের বিভিন্ন দিকও এ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে।
শিশু অধিকার দিবসের এ আয়োজনের পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিও উদ্যাপন করা হচ্ছে। পাঁচ দশক ধরে শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এবারের আয়োজনের মধ্য দিয়ে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ, অধিকার সংরক্ষণ এবং তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্ব দেওয়ার বার্তা তুলে ধরা হচ্ছে।











