সৃজিত-মিথিলার দাম্পত্যে কি ইতি? নির্মাতার মন্তব্যে নতুন জল্পনা

টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ও বিচ্ছেদের গুঞ্জন রয়েছে। এবার সরাসরি মিথিলার নাম না নিয়েই নিজের জীবনে ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানালেন সৃজিত। তার এই মন্তব্যের পর মিথিলার সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বর্তমান যোগাযোগ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একটি ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করেন।

সৃজিত ও মিথিলার বিয়ের পর প্রায় ছয় বছর পার হয়েছে। তাদের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই বিভিন্ন সময়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে তাদের বিচ্ছেদ হয়েছে বলে নিশ্চিত করেননি। ফলে সৃজিতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিকে আপাতত জল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

সাক্ষাৎকারে নিজের সাবেক সম্পর্ক নিয়েও কথা বলেন সৃজিত। স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেকদের সঙ্গে সম্পর্ক শেষ হলেও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।

সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গেও সৃজিত বলেন, একসময় তারা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে সময়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা কমে গেছে। এখন তারা আগের মতো কাছের না হলেও একে অপরের শুভাকাঙ্ক্ষী বলে জানান নির্মাতা।

সুস্মিতার সঙ্গে সম্পর্কের পরিবর্তন বোঝাতে জীবনকে যাত্রার সঙ্গে তুলনা করে সৃজিত বলেন, অনেকেই জীবনের ‘ট্রেন’ থেকে কয়েকটি স্টেশন পর নেমে যান এবং হয়তো অন্য কোনো ট্রেনে যাত্রা শুরু করেন।

তবে মিথিলাকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সৃজিত। তাই তার ‘স্থায়ী সঙ্গীর অভাব’ মন্তব্যটি মিথিলার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত কি না, নাকি এটি কেবল তার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ—তা এখনো স্পষ্ট নয়। মিথিলার পক্ষ থেকেও এ বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *