পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি কোনো ধরনের হুমকি কিংবা হামলার চেষ্টা করা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। প্রয়োজনে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় মুসলমানরা আত্মত্যাগ করতেও প্রস্তুত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিম উম্মাহর কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পবিত্র স্থান। এই দুই নগরী বিশ্বের মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, আবেগ ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। তাই পবিত্র দুই নগরীর নিরাপত্তা ও পবিত্রতার প্রতি কোনো ধরনের হুমকি, আগ্রাসন কিংবা হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ধর্মমন্ত্রী পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা এবং নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা ষড়যন্ত্রের চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
তিনি বলেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতার প্রশ্নে বাংলাদেশের জনগণ আপসহীন। এ সময় বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ধর্মমন্ত্রী আরও বলেন, বর্তমানে এবং ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। পবিত্র ভূমির নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্যকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।












