মায়ের শেষকৃত্যে যেতে প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় দাস

মায়ের শেষকৃত্যে অংশ নিতে কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নিয়ে এ আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। এর আগে চিন্ময় দাসের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির জন্য লিখিত আবেদন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় চিন্ময় দাসের মা সন্ধ্যা রানী মারা যান। তিনি ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং প্রায় দুই মাস ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

মায়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দেখতে প্যারোলে মুক্তির আবেদন করার কথা পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। মৃত্যুর পর তার শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পুনরায় প্যারোলের আবেদন করা হয়।

চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চিন্ময় দাসের পাঁচ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়েছে।

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী জানান, প্রয়াত সন্ধ্যা রানীর শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

চিন্ময় দাসের পারিবারিক নাম চন্দন কুমার ধর। ধর্মীয় দীক্ষা নেওয়ার পর তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নাম গ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের মুখপাত্র হিসেবে আলোচনায় আসেন চিন্ময় দাস। একই বছরের অক্টোবরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার সমর্থকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

আইনজীবী আলিফ হত্যা মামলাসহ চিন্ময় দাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে দুটি মামলায় তার জামিন হলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাননি।

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে তিনি কারাগার থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *