গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সিএনজি চালকদের

ময়মনসিংহের ভালুকায় গ্যাস সংকটের কারণে সিএনজি চালকদের অবরোধে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে সিএনজি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে কয়েকজন সিএনজি চালক মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে সিএনজি পাম্পের সামনে মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন সিএনজি চালক মহাসড়কের মাঝখানে একটি সিএনজি রেখে সড়ক অবরোধ করে রেখেছেন।

পুলিশ তাদের কাছে অবরোধের কারণ জানতে চাইলে কেউ কোনো বক্তব্য দেননি। পরে পুলিশ সদস্যরা সড়কের মাঝখান থেকে সিএনজিটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এসএনএস পাম্পে গ্যাস না থাকায় চালকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন।

প্রায় আধা ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *