তানভীর আহাম্মেদ,রিপোর্টার: দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৩৫০ টাকাসহ মোছাঃ রুনা আক্তার সুমি (৩২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯:০৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন ০৯ নং আস্করপুর ইউনিয়নের তাজপুর নতুনপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত রুনা আক্তার সুমি ওই গ্রামের মোঃ রবিউল ইসলাম ও সুফিয়া খাতুনের কন্যা।
ডিবি সূত্র জানায়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তাজপুর নতুনপাড়া গ্রামে এই মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে আটক নারীর দেহ তল্লাশি করে ৭ পিস এবং পরবর্তীতে তার দেখানো মতে বসতঘরের তোষকের নিচ থেকে আরও ৫০ পিসসহ সর্বমোট ৫৭ পিস ১০০ মি.গ্রা. ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রয়ের নগদ ২,০০,৩৫০ (দুই লক্ষ তিনশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।