নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুল জলিলসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
গত ১৬ সেপ্টেম্বর রাতে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (৪০), আব্দুল হক (৩০), সবুর খান (৩০), আলমগীর (৫০), মোরসালিন (২৫), মনির (২৩) ও খায়ের (২৩)। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গত ২২ আগস্ট আব্দুল জলিলকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টা এবং ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সোনারগাঁ উপজেলার আষাড়িয়ার চর এলাকায় সিরামিক সেন্টারের সামনের সড়কে চাঁদা আদায়ের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সড়ক দিয়ে চলাচলকারী মেঘনা গ্রুপের প্রতিটি পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে ১ হাজার ১০০ টাকা করে চাঁদা দাবি করতেন আসামিরা।
এজাহারে বলা হয়, ১৪ সেপ্টেম্বর একটি ট্রাকের চালক মো. ফরিদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানো হয়। প্রাণভয়ে তিনি ৫০০ টাকা দিতে বাধ্য হন। পরদিন সকালে একই সড়ক দিয়ে যাওয়ার সময় আবারও তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। আগের দিন টাকা দেওয়ার কথা জানালে আসামিরা জোর করে তাঁর গাড়ির চাবি নিয়ে নেন। পরে টাকা দেওয়ার পর চাবি ফেরত দেওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, চক্রটি নদীপথে মেঘনা গ্রুপের জেটিতে নোঙর করা প্রতিটি জাহাজ থেকেও নিয়মিত দুই থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করত। সড়কের পাশে তাদের একটি কথিত কার্যালয় ছিল, যা ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করা হতো বলে অভিযোগ করেছেন বাদী। চাঁদা দিতে রাজি না হলে চালক ও তাঁদের সহযোগীদের সেখানে আটকে রেখে মারধর করা হতো। এ সময় তাঁদের কাছে থাকা নগদ টাকা, মুঠোফোন ও গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গাড়িতে চাঁদা দাবি, চালককে ভয়ভীতি প্রদর্শন এবং টাকা আদায়ের অভিযোগে মামলা করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
তবে মামলার অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












