রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট (হেমায়েতপুর–ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট (গাবতলী–দাশেরকান্দি) প্রকল্প অনুমোদন পেয়েছে।
তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা। এর মধ্যে এমআরটি লাইন-১-এর ব্যয় ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত সংযোগ স্থাপন করবে।
এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের দৈর্ঘ্য ২০ কিলোমিটার এবং সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। প্রকল্পটি হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটের দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ এবং বাকি অংশ উড়ালপথ। গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, সাউদার্ন রুট প্রকল্পে এডিবি ও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মূলত একনেকের এজেন্ডায় প্রথমে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। পরে রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্কের সমন্বিত অগ্রগতি বিবেচনায় জাইকার অর্থায়নে চলমান লাইন-১ ও লাইন-৫ নর্দার্ন রুটের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় অন্তর্ভুক্ত করা হয়।
তিন প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর পশ্চিম, পূর্ব, উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে গণপরিবহন সংযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত সাউদার্ন রুট চালু হলে ঢাকার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে নতুন মেট্রো সংযোগ তৈরি হবে।












