হঠাৎ ডিএসসিসির খিলগাঁও কার্যালয়ে প্রশাসক, অনুপস্থিতদের শোকজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খিলগাঁও-তিলপাপাড়া আঞ্চলিক কার্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান তিনি। প্রশাসক কার্যালয়ে পৌঁছানোর পর মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। ফলে পরিদর্শন শুরুর পর বিলম্বে আসা কর্মকর্তা-কর্মচারীরা আর কার্যালয়ে প্রবেশের সুযোগ পাননি।

পরে প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা ও কক্ষ ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করে অনুপস্থিতদের ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন।

অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক।

এ সময় নাগরিক সেবার মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি। নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

এ ছাড়া অঞ্চল-২-এর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে নিয়মিত মনিটরিং এবং এসব কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন প্রশাসক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *