জাপানের নাগোয়ায় টানা বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে চীনের নির্ধারিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এক বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সরাসরি সেমিফাইনালের টিকিট পেয়েছে।
নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আগের কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টসও করা সম্ভব হয়নি। আম্পায়াররা একাধিকবার মাঠ পরিদর্শন করেও খেলার উপযোগী পরিস্থিতি না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন।
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে আটটি দল সরাসরি নকআউট পর্বে অংশ নিচ্ছে। সূচি অনুযায়ী বাংলাদেশ-চীন ম্যাচটি ছিল প্রথম কোয়ার্টার ফাইনাল। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে উঠে গেছে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ও চীনের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে এমন পরিস্থিতিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুবিধা দেওয়া হয়েছে। ফলে কোনো বল না খেলেই পরের ধাপে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশের সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ নির্ধারিত হবে ভারত-জাপান কোয়ার্টার ফাইনালের ফলের ভিত্তিতে। সূচি অনুযায়ী নারী ক্রিকেটের দুটি সেমিফাইনাল ২০ সেপ্টেম্বর এবং ব্রোঞ্জ ও স্বর্ণপদকের ম্যাচ ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলেরও বৃহস্পতিবার ম্যাচ রয়েছে। ওসাকায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল।
উল্লেখ্য, ২০২৬ এশিয়ান গেমসে ক্রিকেট প্রতিযোগিতা আনুষ্ঠানিক গেমস শুরুর আগেই ১৭ সেপ্টেম্বর শুরু হয়েছে। নারী ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর।












