বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি করে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এসব সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া, তাদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত উন্নয়নে উৎসাহিত করার লক্ষ্যেই এ সম্মাননা প্রদান করা হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকার গুরুত্বও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
সরকারের দেওয়া সম্মাননার তালিকায় শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষকরা রয়েছেন। তাদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিক পর্যায়ের ২০ জন, কলেজ পর্যায়ের ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক রয়েছেন।
এ ছাড়া চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও সাতজন শিক্ষককে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার বিভিন্ন স্তরে অসামান্য অবদান রাখা শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ কাজের জন্য উৎসাহিত করা হয়েছে।
শিক্ষকদের সম্মান, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
বিশ্ব শিক্ষক দিবসের এবারের আয়োজনেও শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, তাদের অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও জ্ঞাননির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকার প্রতি সম্মান জানাতেই এই দিবসের আয়োজন।












