দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাস্থ্যসেবা যাতে মানুষের নাগালের মধ্যে থাকে এবং প্রত্যেক নাগরিক সহজে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন, সেদিকে গুরুত্ব দিতে হবে।
সেমিনারে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে বিদ্যমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, দক্ষ চিকিৎসক ও আধুনিক মেডিকেল প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও উন্নত করা সম্ভব।
দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সেমিনারে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্য খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।












