সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে পরীমণির কোলে দেখা যায় এক সদ্যোজাত শিশুকে।
ছবিটির সঙ্গে ক্যাপশনে পরীমণি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা—তবে কি তৃতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী? নাকি নতুন কোনো শিশুকে দত্তক নিয়েছেন তিনি?
ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে রোদচশমা পরা অবস্থায় পরীমণির কোলে রয়েছে শিশুটি। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে তাকে অভিনন্দন জানান অনেকেই। পাশাপাশি শিশুটির পরিচয় ও ‘তিন নাম্বার জন’ বলতে তিনি কী বুঝিয়েছেন, তা জানতে আগ্রহ প্রকাশ করেন নেটিজেনরা।
পরীমণির আগে থেকেই শিশুদের প্রতি ভালোবাসার কথা প্রকাশ্যে এসেছে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনে তার ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য জন্ম নেয়। বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রাখছেন তিনি। পরে একটি কন্যাশিশুকে দত্তক নিয়ে তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। ফলে বর্তমানে তার দুই সন্তান রয়েছে।
নতুন ছবির পর অনেকেই ধারণা করছেন, পরীমণি হয়তো আবার কোনো শিশুকে দত্তক নিয়েছেন। তবে এটি এখনো কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনা। শিশুটির পরিচয় বা ছবির প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে পরীমণির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
ফলে ‘তিন নাম্বার জন ডান’ বলতে পরীমণি আসলে কী বোঝাতে চেয়েছেন, সেটিই এখন ভক্তদের কৌতূহলের বিষয়। অভিনেত্রীর সরাসরি বক্তব্য না আসা পর্যন্ত তাকে তৃতীয়বার মা হয়েছেন—এমন তথ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Leave a Reply