ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরি ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ থেকে ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মারা গেছেন। ফেরিটিতে মোট ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন বলে জানা গেছে। ফলে এখনো প্রায় ১৪০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল ফেরিটি। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) উদ্ধার অভিযান শুরু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিটির সর্বশেষ অবস্থান বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে শনাক্ত হয়েছিল। দুর্ঘটনার পর একাধিক উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি আকাশপথে তল্লাশির জন্য হেলিকপ্টারও যুক্ত করা হয়েছে।
উদ্ধারকারী দলের সমন্বয়কারী ই পুতু সুদায়ানা জানান, বিভিন্ন নৌযানের মাধ্যমে ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০২ জন জীবিত এবং একজন মারা গেছেন। উদ্ধার হওয়া যাত্রীদের কয়েকজনকে বানজারমাসিনের বন্দরে নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ফেরিটি খারাপ আবহাওয়ার কবলে পড়েছিল। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি জানিয়েছে, সাগরে ঢেউয়ের উচ্চতা প্রায় তিন মিটার পর্যন্ত ছিল এবং প্রবল ঢেউয়ের কারণে ফেরিটি একপর্যায়ে কাত হয়ে যায়। পরে সেটি ডুবে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনাস্থলের আশপাশের নৌযানগুলোকে সতর্ক করা হয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সাগরে ও আকাশপথে তল্লাশি চালাচ্ছে। আবহাওয়া পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইন্দোনেশিয়া ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশ হওয়ায় দেশটির বিভিন্ন দ্বীপের মধ্যে যাতায়াতে ফেরি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম। তবে দেশটিতে প্রায়ই নৌদুর্ঘটনার ঘটনা ঘটে।












