প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসা ও সাড়া পাওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নির্মাতা রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’। আগামী ৮ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে সিনেমাটি দেখা যাবে। হইচই বাংলাদেশ শুক্রবার (২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।
রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে চার নারীর জীবন, মানসিক টানাপোড়েন ও নগরজীবনের নানা চাপকে গল্পের কেন্দ্রে রেখেছে। ঢাকার ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনকে একটি ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করে এতে দেখানো হয়েছে নারীদের নানা সামাজিক ও ব্যক্তিগত সংকট।
সিনেমাটির প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। তাঁদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি। অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
‘প্রেশার কুকার’-এর গল্পের বিশেষত্ব এর হাইপারলিংক কাঠামো। চার নারীর আলাদা আলাদা জীবন ও সংগ্রামের গল্প ধীরে ধীরে একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। নির্মাতা রায়হান রাফী এর মাধ্যমে ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত মুক্তির আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন।
প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকের আগ্রহ তৈরি করে এবং ঈদে বক্স অফিসেও ভালো ব্যবসা করে। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি নিয়ে দর্শকের ইতিবাচক সাড়া পাওয়া যায়।
‘প্রেশার কুকার’ রায়হান রাফীর ক্যারিয়ারের জন্যও বিশেষ একটি চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি এটি তাঁর প্রথম প্রযোজিত সিনেমা। ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে যৌথভাবে তিনি সিনেমাটি প্রযোজনা করেছেন।
নিজের প্রথম প্রযোজিত সিনেমাটি প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে উৎসর্গ করেছেন রায়হান রাফী। ‘মাটির ময়না’র নির্মাতাকে তিনি নিজের চলচ্চিত্র নির্মাণের অন্যতম অনুপ্রেরণা ও গুরু হিসেবে উল্লেখ করেছেন। ‘প্রেশার কুকার’-এর একটি পোস্টারও তারেক মাসুদের ‘মাটির ময়না’র আবহ ও নান্দনিকতার প্রতি শ্রদ্ধা রেখে তৈরি করা হয়েছে।
সিনেমাটি নিয়ে নির্মাতা রায়হান রাফী এর আগে জানিয়েছিলেন, ঢাকাকে তিনি এমন এক ‘প্রেশার কুকার’ হিসেবে দেখিয়েছেন, যেখানে মানুষ দ্রুত সাফল্য পাওয়ার চাপে প্রতিনিয়ত মানসিক ও সামাজিক সংকটের মধ্যে পড়ে। নারীদের সেই চাপ, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষাই সিনেমাটির অন্যতম মূল বিষয়।
এবার প্রেক্ষাগৃহের পর ‘প্রেশার কুকার’ পৌঁছে যাচ্ছে ঘরে বসে সিনেমা দেখার দর্শকদের কাছে। ৮ অক্টোবর থেকে হইচই বাংলাদেশে সিনেমাটি স্ট্রিমিং শুরু হলে প্রেক্ষাগৃহে দেখা দর্শকদের পাশাপাশি নতুন দর্শকরাও রায়হান রাফীর এই নারী-কেন্দ্রিক গল্প উপভোগের সুযোগ পাবেন।












