রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, আটকের সময় ধস্তাধস্তির ঘটনায় আজিজুল হক আরজু সামান্য আহত হন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
খন্দকার মো. আজিজুল হক আরজুর বয়স ৬৯ বছর। তিনি পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটকের পর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে থানা পুলিশ।












