নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন দেশের ৩০টি বাণিজ্যিক ব্যাংকের কার্ড, এটিএম ও পিওএস সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে একসঙ্গে এতগুলো ব্যাংকের গুরুত্বপূর্ণ আর্থিক সেবা বন্ধের সিদ্ধান্তের আগে বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানা গেছে।
রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবা বন্ধ রয়েছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন নির্দিষ্ট এটিএম বুথ, সিআরএম, কার্ড ও পিওএস সেবা বন্ধ থাকতে পারে। ফলে এসব সেবা ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কিউক্যাশ নেটওয়ার্কের আধুনিকায়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারিগরি কাজের কারণে সাময়িকভাবে সেবাগুলো বন্ধ রাখা হয়েছে। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ লেনদেনসেবা বন্ধ রাখার মতো সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সিস্টেম মাইগ্রেশনের প্রয়োজন হতে পারে। তবে এ ধরনের বড় পদক্ষেপের আগে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং গ্রাহকদের আগাম জানানো প্রয়োজন ছিল। বিষয়টি গভর্নরও গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে সেবা বন্ধের পর কয়েকটি ব্যাংক গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন নির্দিষ্ট কার্ড ও লেনদেনসেবা বন্ধ থাকবে।
তবে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, কিউক্যাশ নেটওয়ার্কের বাইরে অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস সেবা ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি বাংলা কিউআর এবং বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেনও চালু রয়েছে।
ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, সিস্টেম মাইগ্রেশনের কারিগরি কাজ শেষ হলে সংশ্লিষ্ট কার্ড, এটিএম ও পিওএস সেবাগুলো স্বাভাবিক হয়ে যাবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রাহকদের আগাম অবহিত না করে একসঙ্গে ৩০টি ব্যাংকের নির্দিষ্ট লেনদেনসেবা প্রায় এক সপ্তাহ বন্ধ রাখায় ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে এটিএম ও কার্ডনির্ভর গ্রাহকদের জন্য এ ধরনের দীর্ঘ সময়ের সেবা বিঘ্নিত হওয়া ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থার ক্ষেত্রেও প্রশ্ন তৈরি করতে পারে।










