বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে তিনি বানৌজা মোংলা জেটিতে পৌঁছান। সফরসূচি অনুযায়ী, বিকেলে মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতি শেষে বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। এরপর বেলা সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অবকাঠামো ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। পরে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
সকালে সুন্দরবন সফরের অংশ হিসেবে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো আকাশপথে ঘুরে দেখার পর তিনি মোংলার উদ্দেশে রওনা হন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
দিনব্যাপী এ সফরে সুন্দরবন পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
মোংলা বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।