জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কুমিল্লার চৌদ্দগ্রামের পাঁচ পরিবার এবং পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবার নতুন বাড়ি পেয়েছে।
রোববার ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে পৃথক কর্মসূচির মাধ্যমে এসব পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সংগঠনটির মাধ্যমে এসব বাড়ি নির্মাণ করা হয়েছে।
ফেনীতে শহীদ হারুনুর রশিদের পরিবারের কাছে বাড়ির চাবি হস্তান্তরের পাশাপাশি আর্থিক সহায়তাও দেওয়া হয়। পরে তার কবর জিয়ারত করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে যুবদল নেতা হারুনুর রশিদ নিহত হন। ২০১৭ সালে তার বড় মেয়ের বিয়ের খরচও ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বহন করা হয়েছিল বলে জানানো হয়।
অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে গত ৪ এপ্রিল সন্ধ্যায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে পরিবারগুলো ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে অসহায় হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে বলে বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তাঁর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে পাঁচ পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়।
চৌদ্দগ্রামে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নতুন বাড়ি পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
তথ্যসূত্র: বাসস












