ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিট পুনরায় চালু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মেরামত কাজ শেষ হওয়ায় রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের পর বাংলাদেশে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালু করা হয়। এরপর সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটির জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন হয়। ফলে দুপুরের পর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে বাড়ানোর সুযোগ তৈরি হয়।
এর আগে ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিট-২-এর বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে ইউনিটটি বন্ধ হয়ে যায়। ইউনিটটি বন্ধ হওয়ার পর কেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৭৫০-৮০০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এর আগে কেন্দ্রটি থেকে সরবরাহ ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি ছিল।
ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় আগে থেকেই সংকটে থাকা জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হয়। বিভিন্ন এলাকায় লোডশেডিংও বেড়ে যায়। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি, গ্যাস-কয়লা ও তরল জ্বালানির সংকটের কারণে দেশের বিদ্যুৎব্যবস্থা তখন চাপের মধ্যে ছিল।
তবে ইউনিট-২ পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ বাড়বে এবং এর ফলে লোডশেডিংয়ের চাপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।












