পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৮১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মজুত করা ১৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।
অন্যদিকে, বাজারের ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিভিন্ন ধরনের ২৫১ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান শেষে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আবদুল মান্নানের গোডাউন থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব সার পরবর্তী সময়ে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগামী বুধবার সকাল থেকে জব্দ করা সারগুলো ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।
একটি অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। অপর অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।












