বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন শুটিং চলাকালে পা পিছলে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন। তবে চোটের কারণে দাঁড়িয়ে থাকতে সমস্যা হলেও কাজ থেকে বিরতি নেননি ৮৩ বছর বয়সী এই অভিনেতা। হাঁটুর চোট নিয়েই জনপ্রিয় টেলিভিশন কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সঞ্চালনা চালিয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠানের একটি পর্বে স্বাভাবিক নিয়মের কিছুটা ব্যতিক্রম দেখা যায়। সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে ট্রেডমার্ক সংলাপে অনুষ্ঠান শুরু করেন অমিতাভ। কিন্তু ওই পর্বে মঞ্চে প্রবেশের পর সরাসরি সঞ্চালকের চেয়ারে বসে অনুষ্ঠান শুরু করেন তিনি।
বিষয়টি দেখে উপস্থিত দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হলে নিজের বাঁ হাঁতের দিকে ইঙ্গিত করে পরিস্থিতি ব্যাখ্যা করেন অমিতাভ। তিনি জানান, আগের দিন একটি শুটিংয়ের সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান। এতে বাঁ হাঁটুতে আঘাত পান তিনি।
চোটের কারণে দীর্ঘক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকা তাঁর জন্য কষ্টকর হয়ে পড়েছে। এ কারণে ওই পর্বের উদ্বোধনী অংশ বসেই উপস্থাপন করতে হয়েছে বলে জানান অভিনেতা।
তবে চোট নিয়ে ভক্তদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন অমিতাভ বচ্চন। তিনি জানান, আঘাত গুরুতর নয় এবং এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।
বয়স ৮৩ হলেও কাজের প্রতি অমিতাভের এই দায়বদ্ধতা নতুন করে আলোচনায় এসেছে। শারীরিক অসুবিধার মধ্যেও জনপ্রিয় অনুষ্ঠানটির সঞ্চালনা চালিয়ে যাচ্ছেন বলিউডের এই মেগাস্টার।












