সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মামার বাড়িতে বেড়াতে এসে দেয়াল চাপায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরের নাম আরমান হোসেন (১৩)। অসাবধানতাবশত দেয়াল চাপায় পিষ্ট হয়ে ওই কিশোরের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আরমান হোসেন সনমান্দী পশ্চিম পাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী পূর্ব পাড়া গ্রামে মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে তার ভাগিনা কিশোর আরমান হোসেন বেড়াতে আসে। গতকাল শুক্রবার বিকেলে মামার বাড়িতে নবনির্মিত দেয়ালের ভারী ইট ও সিমেন্টের নিচে চাপা পড়ে আরমান হোসেন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মামা মোর্শেদ ভূঁইয়া জানান, তার ভাগীনা আরমান হোসেন ৭ম শ্রেনীতে পড়াশোনা করেন। দুর্গাপূজার কারণে স্কুল বন্ধ থাকায় ছুটি কাটানোর জন্য আরমান হোসেন তার বাড়িতে বেড়াতে আসেন। মামার বাড়িতে অসাবধানতাবশত দেয়াল ধসে তার মাথার ওপর পড়লে মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।












