গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যাকারিয়া তাহের বলেছেন, নারায়ণগঞ্জের জন্য স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে। নারায়ণগঞ্জের যে সীমানাটা করা হয়েছে আমরা কীভাবে এটা বাড়াতে পারি সেটা যাচাই করছি। উদ্দেশ্য একটাই, সেটা হল শহরবাসী যেন প্রকৃত সেবাটা পায়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের এই সরকারের প্রথম অধিবেশনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আইনটা পাশ হয়। উনারা অফিশিয়াল কার্যক্রম শুরু করছেন। সেই উদ্দেশ্যেই আজকে এখানে আসা।
তিনি আরও বলেন, রাজউকও সরকারের অংশ এনডিএ ও সরকারের অংশ। জনগণের জন্য যেটা ভাল মনে হবে সেটাই করা হবে। সরকারি সিদ্ধান্ত সব দিক বিবেচনা করে নিতে হয়।
রাজউকের প্লট বিক্রির সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, এই সিদ্ধান্তটি বিগত সরকারের আমলে নেয়া হয়েছে। আমাদের সরকারের সময় এটা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা হয়েছে। মাননীয় চেয়ারম্যানের সাথে এ বিষয়ে কথা হয়েছে। আমরা এটা দেখছি।
তিনি বলেন, আমাদের সরকার আসার পরে রাজউকের এলাকার তুলনায় জনবল ছিল না। সেকারণে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করেছি। ঢাকা শহরের মানুষ যেন আরও সেবা পেতে পারে। কারণ সেবা দিতে তো জনবল লাগবে।
তিনি আরও বলেন, সরকার গঠনের পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। যেন রাজউকের প্লট হলে আগে বিক্রি বা হস্তান্তর করতে ক্লিয়ারেন্স লাগতো। এখন এটা হবে না। আমরা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি।
এসময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












